হারিয়ে যাওয়ার মাধ্যমে কিছু কিছু মানুষ আমাদেরকে মুক্তি দিয়ে যায়। আবার ফিরে আসার মাধ্যমে কিছু কিছু মানুষ আমাদেরকে দেয় নবজীবন।
হারানোর বেদনা যার নাই তার জীবনবোধ অসম্পূর্ণ।
সুখ-দুঃখ সব মিলিয়ে জীবন এক অসাধারণ অভিজ্ঞতা। যেভাবেই হোক, বেঁচে থাকা হলো সবচেয়ে বড় সার্থকতা।
জীবন না থাকলে তোমার দুঃখবোধ থাকবে না, এটি যেমন সত্য; তেমনি করে থাকবে না তোমার সুখের কোনো অনুভূতি; এটিও সত্য।
যারা দুঃখপ্রবণ তারা আত্মবিনাশী। যারা জীবনবাদী তারা সর্বাবস্থায় খুঁজে নেয় সুখ আর সার্থকতা।
সুখের চেয়ে দুঃখ আমাদের প্রিয়তর স্মৃতি। সময়ের ব্যবধানে সুখ পরিণত হতে পারে দুঃখবোধে। এককালের দুঃখ, কষ্ট আর গ্লানি হতে পারে শেষ পর্যন্ত সুখের কারণ। দিতে পারে তোমাকে ভালোলাগার অনুভূতি।
একবার হেরে যাওয়া মানে নয় চিরদিনের পরাজয়। পরাজয়ের প্রথম কয়েক রাউন্ডে জীবনের খেলা শেষ হয়ে যায় না।
জীবন অনেক বড়। আমরা যতটা ভাবি তারচেয়েও অনেক বড়। কতটা বড় তার নেই কোনো উপমা। জীবনের তুলনা জীবন ছাড়া কিছু নয়।
দুঃখবোধকে জয় করে চাই তুমি এগিয়ে যাও। জীবনের পথে হও আগুয়ান।
যদি হও সাহসী, দৃঢ় প্রতিজ্ঞ; তোমার বয়স, পেশা, নাম, পরিচয় যাই হোক না কেন, শেষ পর্যন্ত তোমার সাথেই আমার বন্ধুত্ব। তুমিই আমার একান্ত সুহৃদ, প্রিয়।
ভালো থাকো, আমার কাছের মানুষ, কিংবা দূরের কোনো অজানা প্রিয়। অতীতের শোকে বর্তমানকে নষ্ট করার মানে হয় না কোনো। চাই তুমি হও ভবিষ্যৎমুখী এক স্বপ্নশিকারী।
জীবনের সুপরিসর ক্যানভাসে এঁকে নাও তোমার জীবনছবি। আমি জানি, তুমি পারবে। বিজয়ী হওয়া তোমার অনিবার্য ভাগ্যলিপি। শুধু চাই তোমার ঘুরে দাঁড়ানোর সাহস। অদম্য স্পর্ধা।
জীবনের খাতায় নেই কোনো ব্যর্থতা। জীবন মানেই সফলতা। জীবন মানেই সুখ। জীবন মানেই সুন্দর। জীবন মানেই অক্লান্ত পথচলা।
অকপট, যে কোনো কিছু শেষ পর্যন্ত সুন্দর। সফলতার নেই কোনো চূড়ান্ত মাপকাঠি।
