কথা ছিল, যারা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের শতভাগ বস্তুনিষ্ঠ একটা পূর্ণাঙ্গ তালিকা করা হবে।
তা কি হয়েছে?
আমার বড় চাচা আব্দুল মালেক ছিলেন আগরতলা ষড়যন্ত্র(!) মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হকের ঘনিষ্ঠ বন্ধু। চাচার মুখে শুনেছি, মামলা থেকে বাঁচার জন্য তিনি পালিয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে দুবাই চলে যান। সেখান থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন ব্যাপক ফান্ড কালেকশন করে মুক্তিযোদ্ধাদের কাছে পাঠিয়েছেন। কয়েকশত ওয়ারলেস সেট ক্রয়/সংগ্রহ করে দেশে/রণাঙ্গনে পাঠিয়েছেন।
আমাদের এলাকায় উনার এই অবদান মশহুর। আজীবন তিনি আওয়ামী লীগ করেছেন। কোথায়? উনার নাম তো মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট কোনো তালিকায় নাই।
এই ব্যর্থতা কার?
আমার চাচা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ এফডিসিতে ক্যামেরাম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্স (BLF) এর সদস্য ছিল। উনারা যুদ্ধের ট্রেনিং নিয়েছেন। কিন্তু প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেননি। যুদ্ধ করেছে এফএফ সদস্য তথা ফ্রিডম ফাইটাররা।
বেঁচে থাকতে উনি এসব বিষয়ে আমাকে বিস্তারিতভাবে বলেছেন। এসব স্পর্শকাতর বিষয়ে আর কথা না বাড়াই।
আপনাদের আপত্তি, কেন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তদের পরিবারবর্গই শুধু কোটা সুবিধা পাবে? তাদের নাতি-পুতিরাও কেন এই বিশেষ সুবিধাপ্রাপ্তির আওতায় আসবে?
দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই ৩০ লক্ষ শহীদ অথবা ২ লক্ষ নির্যাতিত মা-বোন, তাদের কোটা কোথায়?
আপনাদের এ’সব প্রশ্ন আমারও প্রশ্ন। বাস্তবতা হলো দিনশেষে আপনাদের এসব প্রশ্ন ও আপত্তি অর্থহীন।

কোটার পরিমাণ এত বেশি হওয়ার কারণে ন্যায়নীতি ও ন্যায্যতা কি লঙ্ঘিত হয়নি?
যেমনটা দেখতে পাচ্ছেন, বলেই দেয়া হয়েছে বাংলাদেশের মালিক কে। তো, মালিকের কথা অনুসারে দেশ চলবে? নাকি, আপনার কথা অনুসারে চলবে?
আপনি কে?
আমাদের সকল অফিসিয়াল কাগজপত্র, খাম, গুরুত্বপূর্ণ কিংবা কম গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টের শুরুতে এই সিলটা ছাপানো আছে। দৃশ্যত এর প্রথম অংশটি অলংকারিক তথা filler। দ্বিতীয়টাই মূল কথা।
অথচ, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ / তোমার আমার বাংলাদেশ’ – এরকম কথাকে একটা ইনক্লুসিভ স্লোগান হিসেবে গ্রহণ করা যেত!
অনুসন্ধিৎসু মন জানতে চায়, ইচ্ছা করলেই কি যে কোনো আইন করা যায়? নিতান্তই একটা দলীয় শ্লোগানকে কি অফিসিয়াল কাগজপত্রে লিখে দেয়া যায়? একজন নির্বাচিত(?) প্রধানমন্ত্রীর নামে কি দেশের মালিকানা সাবেত করা যায়?
জানি না। কেউ কি বলবেন?
