হাদিসে বলা হয়েছে, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলে কেউ ঈমানের ৪০ভাগের এক ভাগ পূর্ণ করল। আর এখন মানুষজন রাস্তা দখল করে বাজার বসায়। তাদের একটা বিরাট অংশ ধর্মকর্মও করে। কেমন কথা?
ফুটপাত দখল, রাস্তার উপরে বাজার বসানো, এসব ব্যাপারে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু প্রফেসরকে জিজ্ঞেস করেছিলাম যারা মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। এবং এর মধ্যে কমপক্ষে দুইজন মুফতি। উনাদের কারো কারো মতে এটি হারাম। কারো কারো মতে এটি মাকরুহ তাহরিমি।
আমাদের মাদ্রাসাগুলো থেকে যদি এ ব্যাপারে ফতোয়া দেয়া হতো, এবং মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেবগণ যদি এসব বিষয়ে জনগণকে বলতেন তাহলে অনেক ভালো হতো।
প্রতিটি ফুটপাতের চওড়া হওয়া উচিত রাস্তার কমপক্ষে অর্ধেক। ফুটপাত যতটুকু আছে ততটুকুকে দখল মুক্ত করার জন্য চলমান অভিযানকে সাধুবাদ জানাই। তাই, এটি অব্যাহত থাকুক।
নিজের পিছনে বাপ-মায়ের ছবি না লাগিয়ে কালেমা তাইয়্যেবার ক্যালিওগ্রাফি লাগানো প্রসঙ্গে কোথাও মন্তব্য করেছিলাম, ‘প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন I shall make politics difficult for the politicians। জিয়া-পুত্র এ’ধরনের কোনো ঘোষণা না দিয়েই রাজনীতিবিদদের জন্য রাজনীতিটাকে ডিফিকাল্ট করে তুলছেন।’
তাঁর এই সদিচ্ছার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার কার্যক্রমে। যেই কাজ করতে ইন্টারিম সাহস করেনি, সেই চরম অজনপ্রিয় কাজে তাঁরা হাত দিয়েছেন।
শুনেন। যারা ‘বিএনপি’র পক্ষে স্যারের এ ধরনের কথা বলাতে’ ক্ষুব্ধ হচ্ছেন, বিব্রত হচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি। আমি সব বিষয়ে নীতি মেনে চলার চেষ্টা করি। ভালো কাজকে ভালো বলা, এটা আমার নীতি। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো।
একই সাথে নেতৃত্বের যোগ্যতার বিষয়টাও গুরুত্বপূর্ণ।
মনে করেন, কেউ একজন খুব ভালো মানুষ। সৎ, কিন্তু তাঁর যোগ্যতার ঘাটতি আছে। আর মনে করেন, কেউ একজন যথেষ্ট যোগ্য। কিন্তু তাঁর সততার ঘাটতি আছে। আপনি কাকে নেতা বানাবেন?
মুত্তাকী মুসল্লী অথচ আনাড়ি, এমন ড্রাইভার এর পরিবর্তে আমি দক্ষ কোনো ড্রাইভারকেই গাড়ি চালাতে দিবো, যদিও সে চুরি করে এবং বদমাশ প্রকৃতির।
কল্পনা করেন, ইরান-আমেরিকার এই যুদ্ধের সময়ে বাংলাদেশে একটা ইসলামিস্ট সরকার। যাদের সততা প্রশ্নের অতীত হলেও যোগ্যতার বিষয়টি প্রশ্নযোগ্য। আমেরিকার কিছু করা লাগত না, ইউনুস স্যারের অবর্তমানে ইন্ডিয়াই আমাদেরকে দুই ধাক্কায় কোথায় যে নিয়ে যেত সেটা আল্লাহ মা’লুম।
অতএব, দুর্নীতি এবং সন্ত্রাসকে একটা মাত্রার মধ্যে রাখা সাপেক্ষে ধরে নিতে পারেন এই দশক বিএনপি’র। আমার ধারনা, জুলাই সনদ এবং গণভোটকে অবজ্ঞা করার বিষয়টা মানুষ হজম করে নিবে যদি দেশে ন্যূনতম মাত্রায় সুশাসন বজায় থাকে।
দেখা যাক। হোপ ফর দ্যাট বেস্ট!
