মানুষের মন শুকনো পাতার মতো। উড়ে যায় এলোমেলো দিক-বেদিক। থাকে না স্থিত হয়ে কোনোখানে। মাঝে মাঝে হতাশা জাগে আমাদের মনে। দুঃসহ একাকীত্ববোধ অকস্মাৎ আচ্ছন্ন করে আমাদের মন। কখনো নির্জনে, কখনো রাত্রি গভীরে, কখনো মধ্যদুপুরে, কখনোবা কোনো পড়ন্ত বিকেলে কিংবা কোনো নির্জন প্রদোষে নিতান্ত অকারণে নিজেকে মনে হয় ভীষণ একা। অবহেলিত, অসহায়।
আমাদের মনের এই উত্থান পতন, আমাদের আবেগের এই বিচিত্র গতিধারা, এটি এক অনস্বীকার্য বাস্তবতা। এটাই স্বাভাবিক, যদি না তা হয় অতিনিয়মিত। এবং সময়ের ব্যাপ্তিতে দীর্ঘতর।
জীবনের পরিধি আমাদের কল্পনার চেয়েও অনেক বড়, বিস্তৃত। আমাদের স্বপ্নগুলো
রূঢ় বাস্তবতার চেয়েও সুন্দরতর। ন্যায্য ।
চাইলেই আমরা ছুঁতে পারি আমাদের প্রতিটি স্বপ্নকে। নির্মাণ করতে পারি জীবনের বিস্তৃত পরিসরে এক কাঙ্ক্ষিত বর্তমান। প্রয়োজন শুধু আত্মবিশ্বাস আর প্রেরণার।

